সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করে আজ রোববার বিকেলে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ বেলা সাড়ে তিনটার দিকে যোগাযোগ করা হলে মো. সারওয়ার আলম নিজে তাঁর প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারণে হঠাৎ তাঁকে এই পদ থেকে বদলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রজ্ঞাপনে জেলা প্রশাসককে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। পাশাপাশি সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়েও প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।
এদিকে প্রশাসনিক ও রাজনৈতিক একটি সূত্র দাবি করেছে, সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মো. সারওয়ার আলম বেশ আলোচিত ছিলেন। বিশেষ করে সম্প্রতি সিলেটের অন্যতম পবিত্র স্থান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার ইস্যুতে জেলা প্রশাসকের নেওয়া কিছু পদক্ষেপ ও উদ্যোগ স্থানীয় মহলে বেশ আলোচিত ও সমালোচিত হয়। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার প্রেক্ষিতেই তাকে হঠাৎ প্রত্যাহার করা হতে পারে।
