বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে ১৯৭১ সালের মার্চ মাসে দেওয়া তাঁর ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। আজ শনিবার (৩০ মে) ভারতীয় হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই বার্তা জানানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ভারতীয় হাইকমিশন উল্লেখ করে, “আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি। যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।”
পোস্টে আরও বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের মতোই আজ ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা ভাগ করে নিচ্ছে। একই সাথে উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত পাশে রয়েছে বলেও পোস্টে পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী দেশজুড়ে বিশেষ কর্মসূচি পালন করছে।
