বৃহস্পতিবার , ২১ মে ২০২৬, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক ::
মে ২১, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব পণ্যের চালান উদ্ধার করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও পান্থুমাই সীমান্ত ফাঁড়ির টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ফোনের ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি ও সাবান। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছও আটক করে বিজিবি। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা বলে জানানো হয়েছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।”

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান রোধে তাদের এই কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।