সিলেটের কানাইঘাটে ব্যাটারিচালিত পানিবাহী ভ্যানগাড়ির ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত অভি দাস পৌরশহরের একটি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোমবার (১৮ মে) দুপুরে কানাইঘাট পৌরশহরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানচালক সুফিয়ান আহমদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সুফিয়ান পৌরসভার বায়মপুর গ্রামের বশির আহমদের ছেলে।
নিহত অভির বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। সে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কুওরঘড়ি গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে স্কুল ছুটির পর বের হওয়ার সময় একটি পানিবাহী ব্যাটারিচালিত ভ্যানগাড়ি অভি দাসকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি আইনি হেফাজতে রয়েছেন।
