শনিবার , ৯ মে ২০২৬, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৫
আজকের সর্বশেষ সবখবর

রাতারগুলে প্লাস্টিকের তৈরী ফাঁদ পেতে মাছ ধরায় ধ্বংসের মুখে জীববৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক ::
মে ৯, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে এশিয়া মহাদেশের একমাত্র মিঠাপানির ‘জলাবন’ রাতারগুলের জলাধারে ফাঁদ পেতে ধরা হচ্ছে মাছ। স্থানীয়ভাবে ‘ইছাকুইন’ নামে পরিচিত প্লাস্টিকের তৈরী ফাঁদ ব্যবহার করে মাছ ধরার কারণে ধ্বংসের মুখে পড়ছে জীববৈচিত্র্য।

শনিবার (৯ মে) বিকেলে পরিবেশবাদী ও স্থানীয় গ্রামবাসী অভিযান চালিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে উদ্ধার করেছে প্রায় দুই শতাধিক প্লাস্টিকের অবৈধ মাছ ধরার ফাঁদ। পরে বনের মাঝের ঘাট এলাকায় এসব ফাঁদে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ‘ইছাকুইন’ নামে পরিচিত প্লাস্টিকের এসব ফাঁদ চোরা শিকারীরা জলাবনে ফেলে রাখে। এতে মাছের পোনা, ছোট চিংড়ি, কাঁকড়া, ব্যাঙ, সাপসহ বিভিন্ন জলজ প্রাণ আটকা পড়ে মারা যায়। এ ধরনের ফাঁদ রাতারগুলের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা)–এর সদস্য এবং রাতারগুল গ্রামের বাসিন্দাদের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এসব ফাঁদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা সোনা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা)–এর সিলেট শাখার সভাপতি মোস্তফা শাহ জামাল চৌধুরী (বাহার), সদস্যসচিব আব্দুল করিম কিম, পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট–এর ট্রাস্টি ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী, পরিবেশকর্মী নাহিদ পারভেজ বাবু এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আমির আলী, আরব আলী, ফখরুল ইসলাম, মিনহাজ উদ্দিন ও দুলু মিয়াসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।