সোমবার , ৪ মে ২০২৬, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৫

সুনামগঞ্জে সড়কে নিহত ৫, তিনজন একই পরিবারের

সুনামগঞ্জ প্রতিনিধি ::
মে ৪, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও স্বামী-স্ত্রী এবং বাবা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার চালক (পরিচয় শনাক্ত হয়নি) এবং অটোরিকশার যাত্রী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার ও কেয়া আক্তার ও ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন।

বাসযাত্রীরা জানান, চালক ফোনে কথা বলার সময় বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায়। তখন বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ছিটকে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে উল্টে পড়ে।

তাহিরপুর উপজেলার বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী নেওয়াজ বলেন, ইউসুফ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ। ছেলে-মেয়ে ও ভাতিজি জামাই দুপুরে তাকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। বাসটি উল্টে কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা যাত্রীদের বাসের জানালার গ্লাস ভেঙে উদ্ধার করেন।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হন। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিনজন মারা যান। মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।