শুক্রবার , ১ মে ২০২৬, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৬

প্রধানমন্ত্রীর আগমন কেবল প্রশাসনিক নয়, আবেগেরও বিষয়: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::
মে ১, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর আগমন সিলেটবাসীর জন্য কেবল প্রশাসনিক নয়, আবেগেরও বিষয়- বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, তার প্রতিফলন সিলেটের উন্নয়ন কার্যক্রমেও দৃশ্যমান হবে। এ সফরের মাধ্যমে সিলেটে নির্বাচনী প্রতিশ্রুতির ভিত্তিতে নেওয়া উন্নয়ন পরিকল্পনার অগ্রগতিও স্পষ্টভাবে তুলে ধরা হবে।

শুক্রবার (১ মে) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির আলোকে সিলেট অঞ্চলের অবকাঠামো, যোগাযোগ ও ক্রীড়া খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। এসব উদ্যোগের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সফরের সময় জনগণের সামনে উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটজুড়ে ইতোমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “দীর্ঘদিন মানুষের পছন্দের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই গুম ও হত্যার মতো ঘটনার মুখোমুখি হয়েছেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সফর বিশেষ তাৎপর্য বহন করে।”

এ সময় মন্ত্রী বলেন, তারেক রহমান শৃঙ্খলাবোধ ও পরিমিতিবোধের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে সিলেটবাসী সেই প্রচেষ্টার বাস্তব ছোঁয়া পাবে বলেও মন্তব্য করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।