সিলেটে বালুভর্তি ট্রাক থেকে বালু সরিয়ে পাওয়া গেলো চোরাইপথে আনা ৮০ বস্তায় মোট ২হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা। এসব জিরার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
সোমবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে পুলিশের চেকপোস্ট চলাকালে জিরাসহ বহনকৃত ট্রাক আটক করা হয়।
এসময় জিরা পরিবহনে ব্যবহৃত ড্রাম ট্রাক আটকও করা হয়। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোঃ মনজুরুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট চলাকালে বালুবোঝাই ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো-ড-১১-৬১৯৯) থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে চালক বটেশ্বর এলাকার নুরাইয়া ওয়েল্ডিং অ্যান্ড থাই ইঞ্জিনিয়ারিং দোকানের সামনে ট্রাকটি রেখে পালিয়ে যায়।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো অবস্থায় ৮০বস্তায় মোট ২ হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
উক্ত ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২৮, তারিখ ২৭/০৪/২০২৬ খ্রি. দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
