সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণ থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে এবং জকিগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়।
জকিগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ইবরাহীম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার এবং লিগ্যাল এইড আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলোয়ার হোসেন, আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট মঈন উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুহিবুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
জকিগঞ্জ চৌকি আদালতের পেশকার মো. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী এবং গীতা পাঠ করেন সঞ্জীত চক্রবর্তী পান্না।
উল্লেখ্য, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতি বছর ২৮ এপ্রিল “জাতীয় আইনগত সহায়তা দিবস” হিসেবে পালন করে আসছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড অফিসগুলো থেকে বিনামূল্যে আইনগত পরামর্শ, মামলা পরিচালনা সহায়তা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবা প্রদান করা হচ্ছে।
