সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীর মেয়াদ চার বছর হবে। উপাচার্য পদে যোগদানের পূর্বে সরকারি চাকরি থেকে তিনি অব্যাহতি গ্রহণ করবেন। উপাচার্য হিসেবে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’-এর ১২ ধারা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন পাবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চতুর্থ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তিনজন উপাচার্য দায়িত্ব পালন করেন। তারা হলেন- ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. এ.এইচ.এম. এনায়েত হোসেন এবং অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারী।
অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন।
