সোমবার , ৬ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯

তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::
এপ্রিল ৬, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তিন দিনের সরকারি সফরে আগামী ৮ এপ্রিল বুধবার মালয়েশিয়ায় আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জারিকৃত এক সরকারি আদেশে এ সফরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

সফরকালে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর আমন্ত্রণে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তারা। বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার শিগগিরই খুলে দেওয়ার লক্ষ্যে আলোচনা করা হবে জানিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, আমরা বুধবার মালয়েশিয়া যাচ্ছি। দেশটির মন্ত্রণালয় থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আলোচনার পরে কী হবে, সেটা সবাইকে জানানো হবে। আমরা চেষ্টা করব, শ্রমবাজার দ্রুত খোলার জন্য।

সোমবার (৬ এপ্রিল) মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুন থেকে প্রায় দুই বছর ধরে বাংলাদেশসহ কয়েকটি দেশের শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার।

এতে বহু কর্মপ্রত্যাশী কর্মী লক্ষাধিক টাকা খরচ করেও মালয়েশিয়া আসতে পারেননি এবং পুরো অর্থ ফেরত না পেয়ে চরম ক্ষতির মুখে পড়েন তারা। এ সংক্রান্ত একাধিক মামলা এখনো পুলিশ, সিআইডি, দুদক ও আদালতে বিচারাধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।