বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১০:৪৩
আজকের সর্বশেষ সবখবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকর্মী বহিষ্কার, সিলেট বিভাগেও একাধিক নাম

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের বিভিন্ন বিভাগের ৫৯ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। দলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে নীতিগতভাবে সুসংহত রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের তালিকায় সিলেট বিভাগের একাধিক নেতাকর্মীর নামও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সিলেট বিভাগের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মামুনুর রশীদ (চাকসু) এবং মহসিন মিয়া মধু। এছাড়া হবিগঞ্জের শেখ সুজাত মিয়াও বহিষ্কৃতদের তালিকায় আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাজ্যপ্রবাসী যুবদলের সিলেট শাখার সহ-সভাপতি রাসেল আহমেদকে অনলাইনে বিভিন্ন কনটেন্ট প্রকাশ এবং বিদ্রোহী প্রার্থীদের আর্থিক সহায়তা করার অভিযোগে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর ক্ষেত্রেও প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল হবে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

দলীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নীতিবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করতেই এই বহিষ্কার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বহিষ্কৃতদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।