বুধবার , ৩০ জুলাই ২০২৫, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৫৯
আজকের সর্বশেষ সবখবর

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে স্কুলছাত্রী গণধর্ষণের শিকার, অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
জুলাই ৩০, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সহপাঠী বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি গেল শনিবার ঘটলেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। অবশেষে মঙ্গলবার রাতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বুধবার সকালে ভিকটিম নিজেই পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

মামলায় বারহাল ইউনিয়নের পাঁচ যুবককে আসামি করা হয়েছে। তারা হলেন- নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে ইমরান আহমদ (২৩), খিলগ্রামের আব্দুল বাছিতের ছেলে তানজিদ আহমদ (১৮), মাইজগ্রামের আজাদ আহমেদের ছেলে শাকের আহমদ (২৪), একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২১) এবং মনতৈল গ্রামের ফইজ আলীর ছেলে মুমিন আহমদ (২০)। এর মধ্যে ৩ জন সিএনজি চালক, ১ জন টমটম চালক ও ১ জন ঝালমুড়ি বিক্রেতা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ওই স্কুলছাত্রী শনিবার সকাল ১০টার দিকে সহপাঠী বন্ধু রাফির সঙ্গে শাহগলী বাজারের পরিত্যক্ত আদিল ব্রিকফিল্ড এলাকায় বেড়াতে যান। সেখানে অভিযুক্ত পাঁচ যুবক তাদের গোপনে ছবি তোলে। এরপর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনজন মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। বাকি দুজন এসময় সহযোগিতা করে।

এদিকে, ঘটনাটি প্রকাশ হওয়ার পর বুধবার বিকেলে বারহাল এলাকায় পৃথক পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জঘন্য এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় মামলার মূল অভিযুক্তকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে এফআইআরে তার নাম অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, শনিবার ঘটনাটি ঘটলেও ধামাচাপার চেষ্টা করা হয়। মঙ্গলবার রাতে খবর পেয়ে আমরা ভিকটিমকে তার বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই এবং পরিবারকে মামলা করার পরামর্শ দিই। বুধবার সকালে মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে মামলা করতে দেরি হওয়ায় আসামিরা আত্মগোপনে চলে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।