বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫৩

সিলেটে মোবাইল ফোন ও নগদ টাকা সহ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
জুলাই ১০, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ৫ টি মোবাইল ফোন ও নগদ টাকা সহ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে বিকাশ ও নগদের মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের মহেশখালী থানার -মোঃ হোসাইনের ছেলে মো. ওসামন গনি (২১) ও আলী আহম্মদের ছেলে মো. ফরহাদ আহম্মদ (২২)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার একটি প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে টাকা পাঠানোর সময় কৌশলে দোকানদারদের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে। পরবর্তীতে ওই পিন ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের (মোবাইল ফোন) মাধ্যমে একাধিক ই-ট্রানজাকশন করে প্রতারকেরা দোকানদারদের অ্যাকাউন্টে থাকা টাকা আত্মসাৎ করে নেয়।

এরকম ঘটনায় ভুক্তভোগী সৌরভ রায় শুভ এবং মো সাইদুর রহমান জানান যে মদিনা মার্কেট ও শাহজালাল গেইটে তাদের দোকান থেকে প্রতারক চক্র নগদ একাউন্টে থাকা যথাক্রমে ৩০ হাজার ও ৪৯ হাজার টাকা প্রতারণা করে নিয়ে যায়।

অভিযোগ পেয়ে মহানগর গোয়েন্দা বিভাগ একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে বুধবার বিকেলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা মো. ওসমান গনি ও মো. ফরহাদ আহম্মদকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি স্যামসাং এনড্রয়েড মোবাইল ফোন, ১টি ভিভো এনড্রয়েড মোবাইল ফোন, ১টি অনার এনড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন ফোন, নগদ ২ লাখ ৭৩ হাজার টাকা এবং ১২টি মোবাইল ফোনের সিম উদ্ধার করে জব্দ করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।