সিলেট সীমান্ত দিয়ে ৭০ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে বিজিবি। যাদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩০ জন শিশু রয়েছে এবং যার ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় ও ২৭ জনের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর এবং মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ২ এবং ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক মোট ৭০ জনকে পুশইন করে এবং সকলেই বিজিবির টহলদল কর্তৃক আটক হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করেন।
আটককৃতদের মধ্যে সিলেট জেলার অন্তর্গত মোট ৫৩ জন ও সুনামগঞ্জ জেলার অন্তর্গত সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইন করা হয়। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ থেকে ২ টি পরিবারের ৪ পুরুষ, ৩ মহিলা ও ৬ শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
জৈন্তাপুরের মোকামপুঞ্জি নামক স্থান থেকে ২ টি পরিবারের ৪ পুরুষ, ৪ মহিলা ও ৯ শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যার ৭ জন কুড়িগ্রাম জেলার ও লালমনিরহাট জেলার ১০ জন। একই উপজেলার কেন্দ্রি নামক স্থান থেকে ৪ টি পরিবারের ৯ পুরুষ, ৭ মহিলা ও ৭ শিশুসহ মোট ২৩ জনকে আটক করা হয়। যার সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ছনবাড়ি নামক স্থান থেকে ৪ টি পরিবারের ৫ পুরুষ, ৪ মহিলা ও ৮ শিশুসহ মোট ১৭ জনকে আটক করা হয়। যার সকলের বাড়ি লালমনিরহাট জেলায়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, বিএসএফ মধ্যরাতে তাদের পুশইন করলে বিজিবি সংশ্লিষ্ট ওই ৪ টি স্থান থেকে তাদের আটক করা হয়। তারা আগে থেকেই ভারতে থাকতো। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায়। তাদের সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে।
