সিলেট বিভাগের চারটি জেলার প্রবাসী পরিবারের ১৫৪ জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ কোটি ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ টাকা বিতরণ করা হয়।
শনিবার ২৪ মে নগরীর পিটিআই মিলনায়তনে আয়োজিত অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিনিয়র সচিব এম. মুশফিকুল ফজল আনসারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া । বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা -উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সূত্রে জানা যায়, বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে এ অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে প্রবাসী পরিবারের ৩৬ জন মেধাবী সন্তানকে ১০ লাখ ৪২ হাজার টাকা, প্রবাসী পরিবারের ২০ জন প্রতিবন্ধী সন্তানকে ২ লাখ ৪০ হাজার টাকা, প্রবাসে মৃত কর্মীর ৬৩ টি পরিবারকে ১ কোটি ৮৯ লাখ টাকা, প্রবাসে কর্মরত অবস্থায় অস্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মীর ৬ টি পরিবারকে আদায়কৃত ব্লাডমানি হিসেবে ১ কোটি ২৮ লাখ টাকা, মৃত্যুজনিত বীমা দাবি পরিশোধ হিসেবে মৃত ২০ জন প্রবাসী কর্মীর পরিবারকে ১ কোটি ৬৪ লাখ টাকা, বিদেশ গমনের ৬ মাসের মধ্যে ফেরত আসা ৬ জন কর্মীকে বীমা দাবি পরিশোধ বাবদ ৩ লাখ টাকা, বকেয়া বেতন হিসেবে ৩ জন মৃত প্রবাসীর পরিবারকে ১৮ লাখ ২৯ হাজার টাকা প্রদান করা হয়।
