মঙ্গলবার , ২০ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৪২
আজকের সর্বশেষ সবখবর

লুট হচ্ছে সাদা পাথর, প্রশাসনের অভিযানে আটক-১৪

সিলেটের সকাল রিপোর্ট
মে ২০, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

লুট হচ্ছে সিলেটের সাদা পাথর। মঙ্গলবার ভোর থেকে শুরু করে এদিন দুপুর পর্যন্ত প্রায় ২ শতাধিক বারকি ও ইঞ্জিনচালিত নৌকা দিয়ে চলে এই পাথর লুট। যার কারণে এখন ধ্বংসের পথে রয়েছে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রকৃতিকন্যা এই সাদা পাথর।

জানা যায়, সোমবার রাত থেকে সিলেট ও মেঘালয়ে চলছিল মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির পানিতে পাহাড়ী ঢল নামে সাদা পাথরে। আর এই সুযোগে ভোররাত থেকে দুষ্কৃতিকারীরা বারকি ও ইঞ্জিনচালিত নৌকা দিয়ে শুরু করে সেখান থেকে পাথর লুট। এভাবে টানা বৃষ্টির সুযোগ পেয়েই বারবার সাদা পাথর লুট করা শুরু করে দুষ্কৃতিকারীরা। এর আগে সাদা পাথর পর্যটনকেন্দ্রের পূর্বপাশ থেকে পাথর লুট করলেও এবার প্রায় দুই শতাধিক বারকি ও ইঞ্জিনচালিত নৌকা দিয়ে পাথর লুট করা হয় পর্যটনকেন্দ্রের প্রধান স্পট থেকে। এতে করে সৌন্দর্য হারাতে বসেছে দেশের অন্যতম সুন্দর এই পর্যটনকেন্দ্র।

সাদা পাথরের সৌন্দর্য মূলত সাদা সাদা পাথর আর এর মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া পানির কারণে। এখন এই পাথর এভাবে হারিয়ে গেলে সাদা পাথর পর্যটনকেন্দ্র তার মূল সৌন্দর্য হারাবে। আর রাতের আঁধারে প্রতিনিয়তই চুরি হয়ে যাচ্ছে সাদা পাথর।
পরে মঙ্গলবার দুপুরে সাদা পাথর লুট বন্ধে ধলাই নদীতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এসময় সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে ২ বছরের জেল জরিমানা করা হয়েছে। আর সেখানে প্রায় শতাধিক বারকি ও ইঞ্জিনচালিত নৌকা আটক করে ধ্বংস করা হয়েছে। তবে এই সাদা পাথর নৌকা চালকদের কাছ থেকে কিনে নেওয়া কোনো ব্যক্তি বা এই কিনে নেওয়া পাথর নদীর পাড় থেকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া ট্রাক্টর আটকে কোনো অভিযান দেয়নি উপজেলা প্রশাসন। সাদা পাথর চুরি হয়, মাঝেমধ্যে অভিযান হয় নদীতে। কিন্তু, এই লুট হওয়া পাথর বহনকাজে জড়িত থাকা ট্রাক বা ট্রাক্টর আটকে উপজেলা প্রশাসন কোনো অভিযানে নামে নি। যার কারণে বারবারই পাথরখেকোরা সুযোগ পেলেই সাদা পাথর লুটে নামে। এরকম দায়সারা অভিযান প্রশাসন দেওয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ উপজেলার সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে।
উপজেলার সচেতন নাগরিক আব্দুল জলিল তার ফেসবুকে সাদা পাথর লুটের একটি ভিডিও শেয়ার দিয়ে লিখেন, ‘কেউ কি আছেন তাদের রুখতে? লোকদেখানো অভিযান না, আন্তরিকতা দেখালে বন্ধ করতে পারবেন লুটপাট।’

এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার বলেন, আমরা সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে ২ বছরের জেল জরিমানা করেছি। আর সেখানে ৬০ টার মতো নৌকা আটক করে ধ্বংস করা হয়েছে।
পাথর বহনকারী ট্রাক্টরের বিষয়ে অভিযানের কথা জিজ্ঞেস করলে ইউএনও বলেন, আমরা তো নদীতে অভিযান দিয়েছি, এটার জন্য অফিসার ইনচার্জকে বলে দিয়েছি।

তবে বিষয়টি অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ইউএনও মহোদয় অভিযানে ফোর্স চেয়েছেন, সেটার জন্য ফোর্স দেওয়া হয়েছে। পরবর্তীতে নদীতে থেকে তিনি আরেক দল ফোর্স চেয়েছেন। কিন্তু, কি জন্য চেয়েছেন, সেটা আর বলেননি। উপস্থিত কোনো ফোর্স রেডি না থাকায় এবং পরে তথ্য নিয়ে জানা যায় যে অভিযান শেষ হয়েছে, তাই আর ফোর্স পাঠানো হয়নি। তবে নির্বাহী কর্মকর্তা পাথর বোঝাই ট্রাক্টর অভিযানের বিষয়ে কিছু বলেন নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।