সুনামগঞ্জের ছাতকের দিঘলী বেরাজপুর এলাকার ‘সোনাফর আলী’ হত্যা মামলার ২ জন আসামীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির দিঘলী গ্রামের ছইফ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের ময়না মিয়ার ছেলে তাজ উদ্দিন (৩৫)। তাদের মধ্যে জাকির হোসেন মামলার প্রথম আসামী ও তাজ উদ্দিন ৪র্থ আসামী।
র্যাব জানায়, গত ১২ মে সন্ধায় সুনামগঞ্জের ছাতকের দিঘলী বেরাজপুর এলাকায় বৈদ্যুতিক লাইনের সংযোগ নিয়ে বাদীপক্ষের সাথে আসামীদের ঝগড়া হয়। পরবর্তীতে গ্রামের মুরুব্বিরা বিষয়টি নিষ্পত্তি করার শেষ পর্যায়ে আসামীদের সাথে বাদীপক্ষের কথা কাটাকাটি হওয়ার সময় বিবাদীরা সোনাফর আলীকে কাঠের বর্গা এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
পরে শুত্রবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন টুকের বাজার শাহী ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার ছাতক থানার এফআইআর নং-২২/১৪৪, তারিখ-১৪/০৫/২৫খ্রিঃ, ধারা ৩০২/৩৪ পেনাল কোড এর মূলে সুনামগঞ্জের ছাতকের দিঘলী বেরাজপুর এলাকার সোনাফর আলী হত্যা মামলার এজাহার নামীয় ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
