রবিবার , ১১ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১৩
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটে আ.লীগ নেতাকে হেনস্থা, পুলিশে সোপর্দ

ডেস্ক রিপোর্ট
মে ১১, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাটে আফসার উদ্দিন আহমেদ নামে এক ইউপি চেয়ারম্যানকে হেনস্থা করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রোববার উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রামে এ ঘটনা ঘটে। আফসার উদ্দিন আহমেদ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

জানা যায়, গতকাল রোববার দুপুরে সদর ইউনিয়নের চটিগ্রামে আফসার উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যাওয়ার পথে চটিগ্রামের একটি রাস্তার উন্নয়নে কাজ পরিদর্শন করার সময় এলাকার কিছু লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে শারীরিক ভাবে হেনস্থা করলে তিনি আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী মসজিদে গেলে কিছু বিক্ষুব্ধ মানুষ তাঁকে ধাওয়া করেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। উত্তেজিত জনতা তাঁকে ধরে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদের বাড়ি নিয়ে যান। সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ভিডিওতে দেখা যায় সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদের বাড়ির একটি কক্ষে বেশ কিছু সময় কথাবার্তা হয়। এ সময় সেখানে এলাকার লোকজনও উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা মামুনুর রশীদ বলেন, ওই চেয়ারম্যান আওয়ামীলীগ সরকারের সময় এলাকার মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। তাঁর ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিমের সহপাঠী। সেই ক্ষমতা ব্যবহার করে খুব অত্যাচার করেছে এলাকায়। তাঁর বিরুদ্ধে বিএনপি নেতাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মামলা আছে। এলাকার মানুষ আফসার উদ্দিনকে ধরে আমার বাড়ি নিয়ে আসে। আমি তাকে একটি কক্ষে ঢুকিয়ে রেখে রক্ষা করেছি। ইউপি নির্বাচনের সময় ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে আফসার উদ্দিন আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। তখন কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। আমার ব্যানার কেড়ে নিয়ে যাওয়া হয়েছে।

কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সায়েম বলেন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যানকে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয় লোকজন তাঁকে পুলিশের কাছে তুলে দিয়েছেন। বিশেষ ক্ষমতা আইনে তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।