সিলেটে চাঞ্চল্যকর মানব পাচার মামলার প্রধান ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে তাদেরকে শাহপরান (র.) থানাধীন নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহনাজ ও মুরাদ আহমেদ রাজু সম্পর্কে স্বামী-স্ত্রী।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন শাহপরাণ (রহঃ) গেট থেকে ১৬ বছর বয়সী দুই কিশোরীকে ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে পাঠান। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ভিকটিমদের কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে। পরবর্তীতে ভিকটিমদ্বয় সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সিলেট এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রোববার দিবাগত রাতে শাহপরাণ (রহ.) থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন।
এর কয়েক ঘণ্টা পরেই পুলিশ অভিযান পরিচালনা করে সোমবার ভোর সাড়ে ৪ টায় পীরের বাজার টিকেরপাড়া এলাকার নিজ বাড়ী থেকে মামলার প্রধান আসামী শাহনাজ ও মুরাদ আহমেদ রাজুকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ভিকটিমের মা মামলা করার কয়েক ঘণ্টা পরেই আমরা আসামীদের গ্রেপ্তার করি। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
