সোমবার , ২৪ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের সেই ডিআইজির শাস্তির দাবিতে কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার
মার্চ ২৪, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের সাদা পাথরে ঘুরতে গিয়ে ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহায়ককে মারধর করায় অতিরিক্ত ডিআইজির শাস্তির দাবিতে মানবন্ধন করেছেন কর্মচারীরা। সোমবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এই মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের কাছে তার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে সিলেটের অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমেদকে প্রত্যাহারপূর্বক তদন্তক্রমে সর্বোচ্চ শাস্তি চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্তের ব্যবস্থা গ্রহণ ও এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও হুমকী প্রদর্শন করায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান ও এএসআই মোহাম্মদ আলীকে দ্রুত প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান করেন তারা। বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখা, বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি সিলেট জেলা ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কর্মচারি সমিতির সভাপতি মো. রমজান আলী, কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আতাউর রহমান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মো. আব্দুল জব্বার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শাখার সভাপতি মো. শফিকুর রহমান, কর কমিশনার কার্যালয় শাখার সভাপতি আবুল কালাম, জনস্বাস্থ্য প্রকৌল কর্মচারি সমিতি শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল শাখার মো. খলিলুর রহমান, জেলা জজ আদালত শাখার মো. কামাল হোসেন, বিচার বিভাগীয় গাড়ি চালক সমিতির সভাপতি মো. ইছমত উল্যা, পানি উন্নয়ন বোর্ড সিলেট শাখার সভাপতি মো. রেহান উদ্দিন, বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির উপদেষ্টা মো. আলীমুজ্জামান, সাধারন সম্পাদক মো. সোহেল আহমদ, সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখার আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মো. জিলাল উদ্দিন আহমেদ, সদস্য মসিউর আলম মুসা, মোহাম্মদ আজিজুর রহমান, শাহেদ আহমদ আরবী, খোরশেদ আলম প্রমুখ।

তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা পুলিশের আচারণের অনেক পরিবর্তন লক্ষ্য করছি। কিন্তু অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমেদ এর মত উচ্ছৃঙ্খল কর্মকর্তার কারণে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নব্য স্বাধীন বাংলাদেশকে আবারও পুর্বের অবস্থায় ফিরে নেয়ার/ছাত্র-জনতার অর্জনকে ম্লান করার অপচেষ্টা বলে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। তাই অবিলম্বে অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমেদকে প্রত্যাহারপূর্বক তদন্তক্রমে সর্বোচ্চ শাস্তি চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্তের ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও হুমকী প্রদর্শন করায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এএসআই মোহাম্মদ আলীকে দ্রুত প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সিলেটের সাদা পাথরে ঘুরতে গিয়ে খেয়াঘাটে ফ্রিতে নৌকা চান সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি নাছির উদ্দিন আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত)। এসময় সেখানে দায়িত্ব পালন করা উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক জাবেদ আহমদ ফ্রিতে নৌকা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলার জন্য বললে তাকে সাথে সাথে চড়-থাপ্পড় মারেন তিনি। এ ঘটনার প্রতিবাদে নৌকার মাঝিরা কর্মবিরতি পালন করেন। পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসে দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।