সোমবার , ২৪ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪০
আজকের সর্বশেষ সবখবর

১৪ সপ্তাহের বকেয়া বেতন ও রেশন সহ ১১ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
মার্চ ২৪, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বুরজান চা-কোম্পানির আওতাধীন তিনটি চা বাগান ও কারখানার শ্রমিকদের ১৪ সপ্তাহের বকেয়া বেতন এবং রেশন সহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকেরা। সোমবার দুপুরে নগরের লাক্কাতুরা এলাকা থেকে মিছিলটি বের হয়ে বন্দরবাজারের সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে বুরজান-ছড়াগাঙ-কালাগুল চা বাগান ও বুরজান কারখানার শ্রমিকেরা দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।

‘দুনিয়ার মজদুর এক হও লড়াই কর,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,’ ‘আমাদের বেতন দিতে হবে, দিয়ে দাও’। ‘বকেয়া বেনাস পরিশোধ করতে হবে,’ ‘বকেয়া বেতন পরিশোধ করতে হবে।’ আমাদের বেতন দিয়ে দাও, দিতে হবে’ এসব বলে শ্রমিকেরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন চারপাশ।’

চা শ্রমিকেরা জানিয়েছেন,‘‘১৪ সপ্তাহ ধরে বকেয়া বেতন ও রেশন না পাওয়াতে খেয়ে না খেয়ে দিন পার করছেন তারা। বুরজান চা-কোম্পানির অধীনে থাকা ২৫০০ শ্রমিকের বেতন-রেশন ও বোনাস বকেয়া পড়েছে। তাদের ছেলে-মেয়েদের মুখে তিন বেলা খাবার তুলে দিতে পারছেন না। টাকা না থাকার করণে স্কুলেও পাঠাতে পারেননি। বাধ্য হয়ে আজ তারা বের হয়েছেন বেতনের দাবিতে। মলিকপক্ষ বেতন দিচ্ছে-দিচ্ছে বলেই যাচ্ছে। কবে তাদের বেতন দিবে তার ঠিক নেই।’’

বুরজান চা বাগান কোম্পানীর ম্যানেজার মো. কামরুজ্জামান বলেন, “যেসব চা বাগানে সমস্যা রয়েছে, সেসব বাগানের লোকদের নিয়ে গতকাল রবিবার চা বোর্ড কর্তৃপক্ষ মিটিং করেছেন। চা বোর্ড কর্তৃপক্ষ আমাদের লোন দেওয়ার জন্য কৃষি ব্যাংককে সুপারিশ করবেন। আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।’’

বেলা দুইটার দিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান শ্রমিকদের বিক্ষোভ কর্মসূতিতে উপস্থিত হন। তিনি এ সময় আগামী বৃহস্পতিবার চা শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান। আর শ্রমিকের বকেয়া বেতনের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ইদের পর শ্রমিকদের বকেয়া বেতন ও রেশনের সমস্যা সমাধান হবে।

বেতন বন্ধ থাকায় চা শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন জানিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা বলেন, ‘আজকে আমরা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার বুরজান কোম্পনীর শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হবে। আর ইদের পর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়েছে মিটিংয়ে। জেলা প্রশাসক বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।