সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত এই ছাত্রাবাসের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন। তিনি জানান,‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এমসি কলেজের টিলায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’
ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, প্রতিবছরই শুষ্ক মৌসুমে ছাত্রাবাসের এই টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার ইফতারের সময় হঠাৎ শিক্ষার্থীরা দেখতে পান টিলায় আগুন লাগছে। তখন শিক্ষার্থীরা সেখানে গিয়ে ডালপালা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তারা জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই টিলায় বিভিন্ন সময় কিছু লোক বসে সিগারেট খায়। তাদের ফেলা সিগারেটের শেষ অংশ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আবার এটি পরিকল্পিতও হতে পারে। কেননা বেশ জায়গাজুড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারা অনতিবিলম্বে টিলা সহ ছাত্রাবাসের বাউন্ডারি দেয়ার অথবা কাঁটা তার দিয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অগ্নিকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজের ব্যবহৃত নাম্বারে কল দিলে তারাবিহের নামাজে থাকায় তাঁকে পাওয়া যায় নি।
