সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে যেন কোনোভাবেই থামছে না সড়ক দুর্ঘটনা। ওই সড়কে ফের দুর্ঘটনায় ফয়সল করিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে মহাসড়কের সালুটিকর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
নিহত ফয়সল করিম কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের আমিনুর রশীদের (বুধাই) ছেলে ও সালুটিকর বাজারের ব্যবসায়ী।
জানা যায়, ফয়সল করিম প্রতিদিনকার মতো তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রবিবার রাতে বাড়ি যাচ্ছিলেন তার নিজের মোটরসাইকেল দিয়ে। সালুটিকর বাজার থেকে করেরগাও পার হওয়ার পরই সড়কে আগে থেকে অন্ধকারে থাকা ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে করে সাথে সাথেই সড়কে লুটিয়ে পড়েন ফয়সল ও মোটরসাইকেলের অন্য আরোহী। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সলকে মৃত ঘোষণা করেন। আর অপর আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে গতকাল সোমবার বাদ মাগরিব গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে। এত অল্প বয়সে তার মৃত্যু কোনোভাবেই যেন কেউ মেনে নিতে পারছেন না।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
