শনিবার , ৪ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ডিসেম্বর মাসে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

#নিসচার প্রতিবেদন

গেল বছরের শেষ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে। ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন। আজ শনিবার (৪ জানুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়।

নিহতের মধ্যে ১২ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়। সেখানে ৯টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। আর সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৭টি সড়ক দুর্ঘটনায় ৮ নিহত ও ৬ আহত হয়েছেন।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেলচালক ও আরোহী ও ৫ জন সিএনজি চালক, আরোহী ও ৯ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৫ জন, এসময় ১০ জন চালক নিহত হয়েছেন।

এছাড়া ডিসেম্বর মাসে নিহত ৩৮ জনের মধ্যে ৩১ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

উল্লেখ্য, নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।