সিলেটে প্রায় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, কমলা, শীতের কম্বল, বাসমতি চাল, চকলেট, ফুচকা, সাবান, চা-পাতা ও বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ৮৪ লাখ ৮৭ হাজার ৮০০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
