সিলেটে ৩০০ বস্তা ভারতীয় চিনি সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান আটক করে জব্দ করা হয়। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- জামালপুরের মেলান্দহের মৃত খয়রাতুল জামানের ছেলে মো. মোনতাজ আলী (৪০), রাজশাহীর কাটাখালির আব্দুল হোসেনের ছেলে মো. রায়হান (৩৫) ও বুদ্দু মিয়ার ছেলে মো. রাজ আলী (১৮)।
পুলিশ জানায়, শনিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ভ্যানটি তল্লাশী করে ৩০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে মোট ১৫ হাজার কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। এসময় ভ্যানে থাকা তিন ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটককৃতরা জানান, উদ্ধারকৃত চিনির মালিক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের আব্দুল হামিদের ছেলে মো. আমিনুল হক (৫৫)। তারা পরস্পর যোগসাজশে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে এনে বিক্রির পরিকল্পনা করছিলেন। ভারতীয় চিনির বস্তাগুলো পরিবর্তন করে বাংলাদেশি লেখা সম্বলিত বস্তায় প্যাকেটজাত করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আর চিনির মালিককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
