সুনামগঞ্জের আলোচিত হত্যা মামলার পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিলেট। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তারকৃত আসামী আব্দুল কাদির (৬০) সুনামগঞ্জের দিরাই উপজেলার মির্জাপুরের মৃত সুবেদ আলীর ছেলে ও একই এলাকার মতব্বির চৌধুরী @তাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর চৌধুরী (৪৫)।
র্যাব-৯ জানায়, বুধবার বিকেলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে (সুনামগঞ্জ জেলার দিরাই থানার এফআইআর নং-১, তারিখ- ০৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬(২)/৩ পেনাল কোড ১৮৬০;) এর মূলে হত্যা মামলার পলাতক আসামী আব্দুল কাদিরকে গ্রেপ্তার করে।
এছাড়াও এদিন রাতে সিলেট নগরের পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে একই মামলার আরেক পলাতক আসামী জাহাঙ্গীর চৌধুরীকে গ্রেপ্তার করে।
সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
