বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০৭
আজকের সর্বশেষ সবখবর

বিজেপি সীমান্ত অবরোধ করবে, আমরাও অবরোধ করবো-ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের পতাকা শুধু আজকে লাল-সবুজের পতাকা না, বাংলাদেশের পতাকা আজ ২০ কোটি মানুষের জীবন-মরণের পতাকা না, বাংলাদেশের পতাকা আজ কৃষক শ্রমিকের পতাকা না, বাংলাদেশের পতাকা শুধুমাত্র বাংলা বসন্তের গণ-অভ্যুত্থানের পতাকা না, লাল-সবুজের পতাকা শুধু ১ লক্ষ ৪৭ হাজার বর্গকিলোমিটারের পতাকা না, এই লাল-সবুজের ওপর ভর করে ভারতের দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীনতার রং, এই রক্তের রং হচ্ছে বাংলার সীমান্তে সীমান্তে ফেলানীদের রক্তের প্রতিশোধের রং, এই রক্তের রং হচ্ছে বাংলাদেশকে নতুন করে ফ্যাসিস্টদের ছাই বর্ষ থেকে নতুন করে মুক্ত করবার রং।

তিনি আরো বলেন, বিনয়ের সুরে ইসকনকে বলছি, আওয়ামীলীগকে বলছি যারা চট করে বাংলাদেশে ফিরে আসবার চক্রান্ত করছেন, ঘুমের ভেতরে স্বপ্ন দেখেন, দিনের আলোতে দেখবেন না। বাংলাদেশের মানুষ ঘুমায় নাই, বিশ কোটি মানুষের রক্ত থাকতে আবু সাঈদ, মুগ্ধরা আবার নতুন করে সাইফুল হয়ে ফিরে আসবে। সিলেটের শহীদদের মতো করে, শাহজালালের মতো করে আবার ফিরে আসবে, আবার শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। আমাদের শত্রুদেরকে হুশিয়ার করছি সীমান্তের ওই পাড়ে থাকেন আর এই পাড়ে থাকেন, বিজেপিকে বলছি, আমার সীমান্ত অবরোধ করবেন, বিশ কোটি মানুষ ঘুমায় নাই। সাইফুলের জানাজা দেখেছেন গতকালকে, আপনারা সীমান্ত অবরোধ করবেন, আমরাও অবরোধ করবো। যুদ্ধের বদলে যুদ্ধ হবে, রক্তের বদলে রক্তের ফয়সালা হবে। লাল-সবুজের পতাকার সাথে কোনো গাদ্দারি, বেঈমানী আমরা মেনে নেই নাই। নমরুদের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে, শেখ বংশের জমিদারের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি, এই লড়াই চলছে এবং চলবে ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, সিলেটবাসীরা রক্ত দিয়ে সেই শাহজালালের উত্তরসূরী হয়ে এখানকার জমিদার জালেমকে যেভাবে বিতাড়িত করেছেন, ঠিক সেইভাবে আমরা ১৬ বছর সারা বাংলাদেশ থেকে সেই জমিদারদের উত্তরসূরী শেখ পরিবারের জমিদারদেরকেও লক্ষণ সেনের মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। লক্ষণ সেন পালিয়ে গিয়েও নদীয়াতে যেভাবে ফিরতে পারে নাই, শেখ পরিবারেরও একই দশা হবে। লক্ষণ সেনের মতো গণভবন থেকে তার প্রভুর দরবারে চলে যাওয়ার পরে এই বাংলার মাটিতে আর তার জায়গা হবে না। ট্রাম্প ইলেকশনে আসুক বা জিতুক, মোদি থাকুক বা না থাকুক, বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রত্যেকটা জেলায়, উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে নতুন করে এদেশের স্বাধীনতা রক্ষক এবং সৈনিক হিসেবে থাকবে। এবং সেই লড়াই থেকে তারা কোনোভাবে পিছপা হবে না। সেই লড়াই এবং সংগ্রামের আন্দোলনে আপনাদেরকে যুক্ত থাকার আহবান জানাই।

সিলেট মহানগরের আহবায়ক মো. উমর ফারুকের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব অ্যাডভোকেট হোসাইনুর রহমান লায়েসের এবং মহানগরী সদস্য সচিব রেজাউল করিম শুয়েবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আহবায়ক মো. আলতাফ হোসাইন, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব গাজী নাসির ও সিলেট জেলা আহবায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।

জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, মহানগর যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন, খলিল তাপাদার, যুব পার্টির সমন্বয়ক এম তানজিল হাসান, ছাত্রপক্ষের রিজওয়ানুল বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।