জানুয়ারির মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সংবাদ সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে লেজুড়বৃত্তিক রাজনীতির অবসান করতে বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি। আওয়ামীগের দীর্ঘ শাসনামলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসের রাজত্ব গড়ে উঠেছিলো। “চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় ছিলো তাদের কাজ।
তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাবে। যারা শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবে। শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ থাকবে। এতে বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে যা আমাদের সবারই প্রত্যাশা। আমরা চাই চাটুকারিতার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় গুলো থেকে সুস্থ ধারার নেতৃত্ব তৈরি হোক।”
মতবিনিময় সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন বলেন, জুলাই আন্দোলনে শাবি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রুদ্র সেনকে হারিয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভার প্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সালমা আক্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামাল উদ্দিন, শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে বিকালে মুক্তমঞ্চে সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক সারজিস আলম। সেখানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আপনারা নিজেদের মধ্যে সংস্কারের মনমানসিকতা তৈরি করবেন। আমরা নিজেরা যদি পরিবর্তন না হই তাহলে সরকারের জায়গা থেকে পরিবর্তন করাটা অনেক বেশী কষ্টসাধ্য হবে। বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনে সিলেটে নিহত পরিবারদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকা করে আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে সিলেটে আসেন সারজিস। সিলেট বিভাগের ১৮ টি শহীদ পরিবারকে ৯০ লাখ টাকা সহযোগিতা করেছেন বলে জানান জানান সমন্বয়ক সারজিস।
