কোম্পানীগঞ্জ মহাসড়কে ব্রিজে বাঁশ বেঁধে সিলেট থেকে ছেড়ে আসা কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতরা চালকদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। শনিবার (২ নভেম্বর) ভোর রাত সোয়া চারটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ট্রাক চালক শাকিব (২২) জানায়, বি বাড়িয়া জেলার সরাইলে পাথর বিক্রি শেষে তাদের ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৯০০৯) শনিবার ভোর রাতে সিলেট আসে। সেখান থেকে কোম্পানীগঞ্জ ফেরার পথে মহাসড়কের বর্নি এলাকায় ডাকাতদের কবলে পড়ে। বর্নি ব্রিজে বাঁশের ব্যারিকেড দিয়ে ডাকাতরা গাড়ি আটকায়। মুখোশধারী ও সশস্ত্র ডাকাতেরা তাদের সাথে থাকা পাথর বিক্রির নগদ ১ লক্ষ ৪৬ হাজার টাকা এবং তিনটি দামী স্মার্টফোন কেড়ে নেয়।
শাকিব আরও জানায়, তাদের সামনে থাকা একটি পিক-আপ ভ্যান থামিয়ে ডাকাতরা সর্বস্ব লুটে নিতে দেখেছে সে। তার ধারণা– আগে-পরে আরও কয়েকটি যানবাহনে ডাকাতি হয়ে থাকতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘ডাকাতির ঘটনায় এখনো অভিযোগ পাইনি। ঘটনার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
