বুধবার , ২১ আগস্ট ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২১, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট মহানগর হাকিম প্রথম ও দ্রুত বিচার আদালতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমদ (৩৫) এই মামলা দায়ের করেন। এ ছাড়াও মামলায় আজ্ঞাতনাম আসামি করা হয়েছে আরও ৫০০-৬০০ জনকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, আজকে ৮৭ জনকে আসামী করে জেলা ছাত্রদল সভাপতি কোর্টে মামলা করেছেন। যাদের আসামী করা হয়েছে, তাদের অস্ত্রসহ ছবি দেওয়া হয়েছে। অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমরা আদালতকে বলেছি। পরে আদালতের বিচারক সুমন ভূঁইয়া আবেদনটি আমলে নিয়ে কোতোয়ালী থানার ওসিকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জুবের আহমদ বলেন, গত ৪ আগস্ট আমরা ছাত্রজনতা একদফার আন্দোলনে কোর্ট পয়েন্টে শান্তিপূর্ণ অবস্থান করি। এসময় শেখ হাসিনা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতাদের নির্দেশে সিলেটের আওয়ামী ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র সহ আমাদের ওপর হামলা চালায়। আমাদের ওপর গুলি করে। কোর্টে মামলা করেছি, কোর্ট মামলা নিয়েছেন। আমরা সুষ্ঠু বিচার চাই। এই সন্ত্রাসীদের পক্ষে যেন আমাদের জাতীয়তাবাদী কোনো আইনজীবী না দাঁড়ান।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট সিলেট নগরের বন্দর বাজার এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি ও হামলা চালান। এতে অনেকের সঙ্গে বাদী নিজেও আহত হয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত সিলেটে চারটি মামলা হয়েছে।

মামলার উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, ডিএমপির অতিরিক্ত যুগ্ন কমিশনার বিপ্লব কুমার, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা।

এছাড়া সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম, সাধারণ সম্পাদক শামিম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর রুহেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে, ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ দিনার, এসএমপির উপ কমিশনার আজবাহার আলী শেখ (সদ্য বদলি), অতিরিক্ত উপ কমিশনার সাদেক দস্তগীর কাউসার, সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন, ওসি (তদন্ত) ফজলুর রহমান, এসআই কাজী রিপন সরকার, কনস্টেবল সেলিম মিয়া, আজহার, ফিরোজ ও উজ্জ্বল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।