সিলেটে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং করা হয়েছে। সোমবার বিকেলে নগরের রিকাবীবাজার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই বাজার মনিটরিং করা হয়। সিলেটের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথের নেতৃত্বে কাঁচা বাজারে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন, মেমো যাচাই এবং সরাসরি ভোক্তাদের মাধ্যমেও মূল্য যাচাই করা হয়।
বাজার মনিটরিং এর সময় আরও উপস্হিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আরিফ হোসেন, আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহ কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি, সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্যের প্রতিনিধিগণ।
সিলেটের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, আজকে আমরা বাজার মনিটরিং করে সবাইকে সতর্ক করে আসছি। তারা যেন পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করেন, সেটাও বলে আসছি। পরে কেউ আইন অমান্য করলে আমরা ব্যবস্থা নিবো।
