মঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
জুলাই ১৬, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম। তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতে চাই জনসাধারণের সচেতনতা
বিদেশগামীদেরকে নিরাপদ অভিবাসনের বিষয়ে সচেতন করতে হবে। এ জন্য প্রয়োজন জনসাধারণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম। পাশাপাশি যারা বিদেশ থেকে প্রতারনার শিকার হয়ে দেশে ফিরেছেন তাদের অভিজ্ঞতা বিদেশগামীদেরকে জানালে সম্ভাব্য বিদেশগামীরাও বাস্তব চিত্র বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন। চার বছর মেয়াদি এই প্রকল্পের অধীনে বাংলাদেশের অন্যতম অভিবাসনপ্রবণ জেলা সিলেটে বিপুলসংখ্যক প্রবাসীর মধ্যে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা তৈরি ও ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে নানা কার্যক্রম পরিচালনা করছে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা- ব্র্যাক।

কর্মশালার সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়। বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিতে প্রত্যাশা-২ প্রকল্পের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘বিদেশগামীদের দক্ষতা অর্জনের বিষয়ে সচেতন হতে হবে। যারা কাজের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন তাদেরকে অবশ্যই যে কাজ করতে যাচ্ছেন সেই কাজ আর সে দেশের ভাষা শিখে সঠিক পথে বিদেশে যেতে হবে।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিলেট এমআরএসসি কো-অর্ডিনেটর শুভাশীষ দেবনাথ। তিনি সভায় উপস্থিত সবাইকে প্রত্যাশা-২ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে বলেন, ‘বিদেশ-ফেরত বাংলাদেশিরা যাতে দেশে আসার পর সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য অনেকদিন ধরে ব্র্যাক কাজ করছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ও বিদেশ-ফেরতদের পাশে দাঁড়াতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। ২০১৭ থেকে ২০২২ সময়কালে ব্র্যাক প্রত্যাশার প্রথম ধাপ বাস্তবায়ন করে এখন দ্বিতীয় ধাপের কাজ শুরু করেছে।’
ব্র্যাকের জেলা সমন্বয়কারী অণিক আহমেদ অপুর সঞ্চলনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ নাজমুস সাকিব ও সিলেট মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আসিফ আজিজ। সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জন-প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী ও অভিবাসী ফোরাম সদস্য প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।