সিলেটের বিয়ানীবাজারে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন। ঘটনার ৪০ মিনিট পরে ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় ৫ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নীং কর্মকর্তা কাজী শামীম। তিনি জানান, ওই কেন্দ্রে ৪০ মিনিটের মতো ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মিলে আবার ভোটগ্রহণ চালু করেছেন। এসময় ৫ জনকে আটক করা হয়েছে। কোন প্রার্থীর সমর্থকরা ঘটনা ঘটিয়েছেন তা তিনি জানাতে পারেন নি।
জানা যায়, বিয়ানীবাজারের শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন যুবক জাল ভোট দেওয়ার চেষ্টা করেন ও কিছু ব্যালট পেপার ছিড়ে ফেলার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে ও ৫ জনকে আটক করে।
তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায় নি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের ওপর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটককৃতদের নাম-পরিচয় আপাতত আমার জানা নেই। নির্বাচনের ডিউটিতে বাইরে থাকায় পরে জানাতে হবে।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২১ জন প্রার্থী রয়েছেন।
