সিলেটে ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য সহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নগরের শিবগঞ্জ সেনপাড়া এলাকা থেকে তাকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় এসব পণ্য বহন কাজে জড়িত থাকা একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃত গাড়িচালক রেজুয়ান আহমদ (২৩) জৈন্তাপুরের হরিপুরের আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে আটটায় নগরের শিবগঞ্জ সেনপাড়াস্থ পুষ্পায়ন-২৯ বাসার সামনের সড়ক থেকে ওই গাড়িচালককে আটক করে ডিবি। এসময় তার পিকআপ থেকে ১০৫ পিস ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৫৮০ পিস ভারতীয় Cadila Skinshine Cream ও ১৪ হাজার ৬৮৮ পিস ভারতীয় Skinfruit Cream জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ৬৯ লাখ ১৪ হাজার ৬৪০ টাকা। মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি নিবন্ধনহীন ডিআই পিকআপও জব্দ করে পুলিশ।
