শনিবার , ২৫ মে ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৬
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটের সকাল রিপোর্ট
মে ২৫, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুজনে আপন বোন।

মারা যাওয়া দুই শিশু হলেন- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম(৫)। এই দুজন ছাড়া আর কোনো সন্তান নেই তার। তাদের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন তাদের বাবা-মা। এক পরিবারের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, শনিবার দুপুরে সুহেদা ও মাজেদাসহ ৫ শিশু বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে যান। এসময় হঠাৎ পানির নীচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করে। পরে বিকেল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ।

মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন জানান, তারা একসাথে ৫ জন শিশু বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়েছিল। হঠাৎই দুজন পানিতে ডুবে যায় আর বাকি তিনজন ফিরে আসেন। ওই দুই শিশু ছিল তাদের দিনমজুর বাবার শেষসম্বল। জয়নাল আহমদের আর কোনো সন্তান নেই। লাশ তাদের বাড়িতে রয়েছে। সন্ধ্যা পরে দাফন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।