সিলেটে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেটে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এই উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পথ-পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় সরকারি চাকুরিজীবীদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনগণের চাহিদার ভিত্তিতে নাগরিক সেবা উদ্ভাবনের মাধ্যমে কার্যকর সেবা প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের স্মার্ট উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিভাগীয় উদ্ভাবনী মেলা এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু তোমরা বিশ্ব নাগরিক উল্লেখ করে উপস্থিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমেনা বেগম বলেন, তোমাদের বিশ্ব নাগরিক হিসেবে পরিচয় দিতে হলে সৃজনশীলতা ও উদ্ভাবনের চর্চার মধ্যে থাকতে হবে। চাহিদার দিকে লক্ষ্য রেখে সময়োপযোগী উদ্ভাবন করতে হবে।
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. নূরুল হক, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা- ২০২৩-২৪ এর অংশ হিসেবে আয়োজিত মেলায় সিলেট বিভাগের ২৩টি সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৬ টি স্টল রয়েছে। উদ্বোধন শেষে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
