উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবীতে সিলেটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরের বন্দর বাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বন্দরবাজার এলাকার বিভিন্ন বিপনী বিতাণ, পথচারী ও যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় মহানগর ও ৪২টি ওয়ার্ড বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেন, ৭ জানুয়ারির প্রহসনের ডামি নির্বাচনে গঠিত ডামি সরকার আবারো উপজেলা নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করছে। বিএনপিসহ দেশপ্রেমিক কোন রাজনৈতিক দল ঐ নির্বাচনে অংশ নিচ্ছেনা। তাই বাকশালী সরকার নিজদলের প্রার্থী দিয়ে ও কতিপয় দলছুট দালাল নেতাকর্মীকে বিশেষ সুবিধা দিয়ে নির্বাচনে এনে উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক হিসেবে দেখাতে চায়। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বিনাভোটে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী ঘোষণার হিড়িক পড়েছে। নিজদলের প্রার্থীদের উপজেলার চেয়ারে বসাতে নির্বাচনের নামে সরকার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করছে। এর জবাব সরকারকে দিতেই হবে। ৭ই জানুয়ারীর পাতানো সংসদ নির্বাচনের মতো এই উপজেলা নির্বাচন বর্জন করা দেশপ্রেমিক জনতার নৈতিক দায়িত্ব।
এসময় আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা মুর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, আবুল কালাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা শেখ কবির আহমদ, রহিম মল্লিক, আক্তার রশিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।
