সিলেটে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কানাইঘাট উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের শফিক হাওরে এ দূর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।
নিহত কৃষকের নাম বাবুল আহমদ (৪৮)। তিনি উপজেলার দক্ষিণ কুয়রের মাটি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। আহতরা হলেন- একই এলাকার ফাহিম আহমদ (১৭) ও প্রদীপ বিশ্বাস (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি জানান, বজ্রপাতে নিহত বাবুল আহমদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহত দুজন সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, দুপুরে বাবুল হাওরে ধান কাটতে যান। এসময় তার সাথে ছিলেন ভাতিজা ফাহিম আহমদ ও প্রদীপ বিশ্বাসসহ আরো দুইজন । হঠাৎ করে প্রচন্ড বজ্রপাত এসে তাদের উপর পড়লে জ্বলসে গিয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয় লোকজন ধানকাটা জমি থেকে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা বাবুলকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
