সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৪জন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির মোজাম্মেল হক।
নিহতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার পুত্র হারুনুর রশিদ (৪০) ও নেত্রকোনার কমলাকান্দা উপজেলার বিশরপাশার রনুজিত শাহার ছেলে পার্থ শাহা (২৩)।
আহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪৫), হারুনুর রশিদের ভাই নয়ন মিয়া (২৫)। বাকিদের পরিচয় জানা যায় নি।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জের গৌরীনগর এলাকায় সিলেটগামী পাথরবাহী ঢাকা মেট্টো: ট-২৪-৩৭২২ ট্রাকের ধাক্কায় সিএনজির ৬ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গোলাম দস্তগীর আহমেদ জানান, দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক রয়েছে। ট্রাক ও সিএনজি থানায় আনার ব্যবস্থা করতেছি।
