সিলেটের কোম্পানীগঞ্জে বালুর ভাগের টাকা চাওয়ার জেরে চাচাতো ভাইয়ের হাতে নুরুল মিয়া (২৫) নামে একজন খুন হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ধলাই নদী সংলগ্ন নয়াগাঙেরপাড় গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আর ওইদিন রাত ৩ টায় নুরুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত নুরুল মিয়া নয়াগাঙেরপাড় গ্রামের বাসিন্দা আব্দুল আজিদ কালাইর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে নিহতদের চাচাতো ভাই অভিযুক্ত আখতার পলাতক রয়েছে।
স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, ধলাই নদী থেকে বালু উত্তোলনের জন্য স্থানীয় নয়াগাঙের পাড়ের এই রাস্তা দিয়ে ট্রাক্টর আসা যাওয়া করে। আর এর বিনিময়ে ট্রাক্টর প্রতি ডাইবেশন থেকে নিদিষ্ট পরিমাণ টাকা তুলেন নুরুল ও তার চাচাতো ভাইয়েরা। শনিবার সন্ধ্যায় নুরুল তার চাচাতো ভাই আখতারের নিকট ভাগের টাকা চায়। এতে দুজনের মধ্যে কথাকাটি হয়। আর এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুপারি গাছের ডাল দিয়ে নুরুলের মাথায় ও ঘাড়ে উপুর্যুপরি আঘাত করেন আখতার। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা নুরুলকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন। পরে রাত ৩টার দিকে ওসমানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ। তিনি বলেন, বালুর টাকা নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামলা করার জন্য তাদের আত্মীয়রা থানায় এসেছেন। এঘটনার অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
