সিলেটে ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমান করেছে সিলেট সিটি করপোরেশন। মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খাঁন ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা যায়, নগরের লালাদিঘীর পাড়স্থ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত জায়গায় পুনর্বসানের পর থেকে ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযান পরিচালনা করছে সিলেট সিটি করপোরেশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, জেলরোডসহ আশেপাশের এলাকায় ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছে ভ্রাম্যমাণ অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে জরিমানা আদায় করা হয়। এসময় বিভিন্ন দোকান মালিককে মোট ৩১ হাজার ৫ শ টাকা জরিমান করা হয়েছে এবং ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের আভিযানিক দল ও সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ এ অভিযানে অংশগ্রহণ করেন।
