সিলেটে ২৪৫ বস্তা ভারতীয় পিঁয়াজ সহ দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে নগরের মীরের ময়দানের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ১১ লাখ ৭৬ হাজার টাকার পিঁয়াজ সহ তাদের দুজনকে আটক করা হয়। এসময় পিঁয়াজ বহন করা দুটি মিনি ট্রাকও জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে বিষয়টি জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- টাঙ্গাইলের বাসাইলের আব্দুল গফুর মিয়ার ছেলে মো. সানোয়ার মিয়া (৪৭) ও সিলেটের কোম্পানীগঞ্জের গিয়াস উদ্দিনের ছেলে মো. মামুন আহমেদ (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মীরের ময়দান এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ২৪৫ বস্তা (৯ হাজার ৮০০ কেজি) ভারতীয় পেঁয়াজ জব্দ করে। যার বাজারমূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা। এসময় দুইজনকে আটক ও দুটি মিনি ট্রাক জব্দ করা হয়।
