সিলেটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তিনি পুলিশ সদস্য।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
নিহত দুলাল চৌধুরী (২২) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
পুলিশ জানায়, দুলাল ও আব্দুল আউয়াল মোটরসাইকেলযোগে হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। এসময় শিববাড়ি এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুলাল চৌধুরী নিহত হন। খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।
