সিলেটের ১ হাজার ১৩ টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী মালামালের সাথে ব্যালট পেপার প্রেরণ করা হয়েছে। আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই জায়গাগুলোতে ভোটের দিন সকালে ব্যালট পেপার প্রেরণ করা আমাদের জন্য একটু দ্রোহ হবে। সেটি বিবেচনা করে আমরা ৪টি আসনের ৭ টি উপজেলায় বালাগঞ্জে ১০টি, কোম্পানীগঞ্জে ১২টি, গোয়াইনঘাটে ১৬টি, কানাইঘাটে ১০টি, জকিগঞ্জে ১০টি, গোলাপগঞ্জে ৮টি এবং বিয়ানীবাজারে ৯টি।
তিনি আরও জানান, আগামীকালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। সিলেট জেলার ৬টি আসনে ১৭ জন রিটার্নিং অফিসার রয়েছেন। সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে আমরা মালামাল প্রেরণ করছি। মালামাল নিয়ে প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা আজকেই কেন্দ্রে পৌঁছে যাবে এবং তারা মালামাল সহ কেন্দ্রে রাত্রিযাপন করবেন।
শেখ রাসেল হাসান জানান, বাকি কেন্দ্রে আগামীকাল ভোরে বিতরণ করবো। ভোর ৬টার মধ্যেই আমরা সকল কেন্দ্রে ব্যালট পৌঁছে দেব এবং ব্যালট পাওয়ার পর সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। সে অনুযায়ী আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের টহল শুরু করেছেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেক্ট্ররাল ইনকুয়ারি কমিটি মাঠে কাজ করছেন।
