সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে সড়কের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় একটি মাছবহনকারী দ্রুতগামী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উখারগাঁও গ্রামের মনোহর আলীর ছেলে আব্দুল করিম (৫৭), দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নুরুল হক (৪৫) ও জামালগঞ্জ উপজেলার হাটামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে আসাব উদ্দিন (৫০)।
আহতরা হলেন– চালক মো. জাহাঙ্গীর (৩০) ও তার সহকারী মো. শাহিনুর মিয়া (১৮)। তারা দুজনের বাড়িই শান্তিগঞ্জ উপজেলার জিবদারা গ্রামে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ থেকে জাউয়াবাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপ (সিলেট মেট্রো ন ১১-১৬৫১) একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
