সিলেটে ৩২ বোতল ফেনসিডিল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার নুর মোহাম্মদ রোডের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
সিলেটের জকিগঞ্জের দক্ষিণবাগের পীরনগরের মৃত কাজী আব্দুল হকের ছেলে কাজী হুমায়ুন কবির (৩৯) ও সুনামগঞ্জের ছাতকের বাদগাঁওয়ের হায়দরপুরের মৃত মোঃ আব্দুল হামিদের ছেলে মো. সুমন আহমেদ (৩৫)। তারা দুজনেই বর্তমানে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় থাকতো।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার নুর মোহাম্মদ রোডের সামনের পাকা রাস্তা থেকে রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ুন কবির ও সুমন আহমেদকে ৩২ (৩২০০ এম.এল.) বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। ৩২ বোতল ফেনসিডিলের বাজার মূল্য ৪৮ হাজার টাকা।
পরে অভিযানের দায়িত্বে থাকা এসআই(নিঃ) নিহারেন্দু তালকুদার বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় মাদক মামলা দায়ের করেন। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
