সিলেট অঞ্চলে বর্তমানে হাম রোগের প্রকোপ কিছুটা বেশি থাকলেও চিকিৎসা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত হওয়ায় রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (৬ মে) দুপুরে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষও প্রকাশ করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে চলতি মাস পর্যন্ত হাম রোগের প্রাদুর্ভাব কিছুটা থাকতে পারে উল্লেখ করে তিনি উল্লেখ করেন। তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থাপনা যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে রোগীরা ভালো চিকিৎসা পাবেন বলে আশাবাদী তিনি।
সিসিক প্রশাসক বলেন, চিকিৎসার আগে সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনা দুর্বল হলে শিশুদের অভিভাবকরা হতাশ হয়ে পড়েন। কিন্তু এখানে এসে দেখেছি হতাশ হওয়ার কোনো কারণ নেই। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। বিশেষ করে ব্রিগেডিয়ার মনির নেতৃত্বে চিকিৎসা কার্যক্রম সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে।
এ সময় তিনি উল্লেখ করেন, সিলেট অঞ্চলে স্বাস্থ্যসেবা উন্নয়নে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যসহ সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করছেন। এছাড়া, সিলেট অঞ্চলের জনগণের নির্বাচিত সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী নিয়মিত খোঁজখবর রাখছেন এবং চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি।
সিসিক প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করি, সিলেট অঞ্চলে যারা চিকিৎসা নিতে আসবেন তারা অন্ততপক্ষে সুচিকিৎসা পাবেন। সিটি কর্পোরেশনও সব সময় তাদের পাশে থাকবে।
এসময় ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরও উপস্থিত ছিলেন।
