ভোটের ছয় দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পারিবারিক এবং অসুস্থতাজনিত কারণ দেখিয়ে নির্বাচন তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
গাজী মোহাম্মদ শাহেদ আসনটির বর্তমান সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের ভাই ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য।
তবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেলেও তিনি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। নবীগঞ্জ ও বাহুবল উপজেলাবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, হবিগঞ্জ-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও এখানে আওয়ামী লীগ সমর্থিত ও জাতীয়পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের আব্দুল মুনিম চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী দিনরাতে মাঠে থাকছেন। বাকি তিনজনকে পাওয়া যাচ্ছে না প্রচারণায়।
